তুরাগে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত

রাজধানীর তুরাগের দিয়াবাড়ি এলাকায় বুধবার ভোররাতে র‌্যাবের টহল দলের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম আলম ওরফে গাঁজা আলম (৪৫)। র‌্যাবের দাবি নিহত আলম পেশাদার মাদক বিক্রেতা।

র‌্যাব-১ এর সহকারি পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, র‍্যাব-১ এর একটি টহল দল বুধবার ভোররাতে তুরাগ থানাধীন দিয়াবাড়ি এলাকায় টহল দিচ্ছিলো। সেসময় মাদক ব্যবসায়ীদের একটি দল সেখানে অবস্থান করছিল। র‌্যাব সদস্যরা দিয়াবাড়ি এলাকায় পৌঁছামাত্র তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। ‘আত্মরক্ষায়’ র‍্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পরে জানা যায় নিহত ব্যক্তির নাম আলম ওরফে গাঁজা আলম। তিনি তুরাগ এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

র‌্যাব ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ গাঁজা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে। গোলাগুলিতে আশরাফুল ও নুরুল হক নামের দুই র‍্যাব সদস্য আহত হয়েছেন। নিহত আলমের বিরুদ্ধে মাদক আইনে ১৭টি মামলা আছে বলে জানিয়েছে র‌্যাব।