শচীনের জন্মদিনে মোস্তাফিজের শুভেচ্ছা

গত মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছেন মোস্তাফিজুর রহমান। সেই সুযোগে দলটির ‘টিম আইকন’ শচীন টেন্ডুলকারের সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছে মোস্তাফিজের। ওই সময়ে ভারত লিজেন্ডের সঙ্গে হৃদ্যতার সম্পর্ক গড়ে ওঠে বাংলাদেশ পেসারের। যার রেশ এ বছর টানলেন মোস্তাফিজ। বুধবার ছিল শচীনের ৪৬তম জন্মদিন। ভারত লিজেন্ডকে শুভেচ্ছা জানাতে গতবারের একটি ছবি টুইটারে পোস্ট করেছেন মোস্তাফিজ। লিখেছেন, ‘শুভ জন্মদিন শচীন স্যার। অনেক শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন।’

সেঞ্চুরির সেঞ্চুরিয়ানের জন্মদিনে শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে তার চারপাশ। সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক সতীর্থ থেকে শুরু করে বিপক্ষ ক্রিকেটাররাও তাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। ভারত ক্রিকেট বোর্ড, আইসিসি, শচীনের আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্স, কিংস ইলিভেন পাঞ্জাব, চেন্নাই সুপার কিংস তার টুইটার অ্যাকাউন্টে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। এছাড়া একইরকম শচীনকে শুভেচ্ছায় ভাসিয়েছেন ভিভিএস লক্ষ্মণ, সৌরভ গাঙ্গুলি, বীরেন্দর শেবাগসহ তার সঙ্গে ভারত একাদশে থাকা অনেক ক্রিকেটার। বিরাট কোহলি থেকে শুরু করে শচীনের উত্তরসূরিরাও ভোলেননি অগ্রজকে শুভেচ্ছা জানাতে। মাঠের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে শোয়েব আখতার, হার্শেল গিবস, ব্রায়ান লারারাও টুইটার বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন শচীনকে।