সংসদ সদস্য হয়েও ক্রিকেটকে ভালো সময় দিচ্ছেন মাশরাফী বিন মোর্ত্তজা। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনীর হয়ে শিরোপা জিতেছেন। এবার বিশ্বকাপ অভিযানে নেমে পড়ার পালা। তার আগে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী ঘুরে এসেছেন নিজের নির্বাচনী জেলায়। গতকাল বুধবার দুপুরে নড়াইল জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন। সভা শেষে নড়াইলের জনগণের প্রতি মাশরাফীর আহ্বান, ‘আগামী ৩০ মে অনুষ্ঠিত বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’
আমরা যেন দেশকে ভালো কিছু উপহার দিতে পারি।’ এর আগে এমপি মাশরাফী ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় পরিকল্পিতভাবে নড়াইল শহরের উন্নয়ন, নদীর নাব্য রক্ষায় চিত্রা ও নবগঙ্গা নদী পুনঃখনন, স্বাস্থ্য সেবার মানোন্নয়ন, শিক্ষা খাতের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন ও সমস্যার সমাধানের জন্য সবার সহযোগিতা কামনা করেন। এরপর পুরাতন বাস টার্মিনালে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সদর উপজেলার আট ইউনিয়নের চেয়ারম্যান ও দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন মাশরাফী। বৃহস্পতিবারও নির্বাচনী এলাকায় ব্যস্ত থাকবেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।