ইতালি ও ফ্রান্সে লিগ শিরোপাজয়ী নিশ্চিত হয়ে গেছে। লা লিগাতেও শিরোপার নিষ্পত্তি সম্ভবত হয়ে গেছে। গতরাতে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। পয়েন্ট তালিকায় বার্সেলোনার পেছনেই তারা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে অ্যাতলেতিকো হারলে এবারের লিগ শিরোপা বার্সেলোনার ঘরেই যাবে। না হারলেও ক্ষতি নেই। পরের শনিবার লেভান্তের বিপক্ষে জিতলে এমনিতেও চ্যাম্পিয়ন হবে বার্সেলোনা। ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে এরপর শুধু প্রিমিয়ার লিগের অপেক্ষা। যা সত্যিই জমে উঠেছে।
শিরোপা ধরে রাখার পথে মঙ্গলবার নিজেদের কাজ সেরেছে বার্সেলোনা। আলাভেসের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে তারা। এতে ৩৪ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। দ্বিতীয়তে থাকা অ্যাতলেতিকোর ৬৮ পয়েন্ট (মঙ্গলবার পর্যন্ত)। ভ্যালেন্সিয়ার বিপক্ষে অ্যাতলেতিকো হারলে বার্সার ১২ পয়েন্টের দূরত্ব হবে। যা নিশ্চিত করবে কাতালানদের টানা পঞ্চম ও ২৬তম লিগ শিরোপা।
মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচ হলেও লিওনেল মেসিকে প্রথম একাদশে রাখেননি বার্সা কোচ আর্নেস্তো ভালভেরদে। সামনের সপ্তাহের চ্যাম্পিয়ন্স লিগেই তার কাছে বেশি গুরুত্বের। এছাড়া লিগ শিরোপা প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় মেসিকে নিয়ে ঝুঁকি নিতে চাননি ভালভারদে। নয়তো পুরো মৌসুমে মেসিহীন দল খেলিয়ে বেশ কয়েকবার হোঁচট খেয়েছিলেন। মঙ্গলবার এতটা ঝুঁকি ছিল না বলেই মেসিহীন একাদশ নামানোর সাহস দেখালেন। অবশ্য বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন পাঁচবারের বর্ষসেরা তারকা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে অ্যাতলেতিকো হার এড়ালেও ক্ষতি নেই বার্সার। তাই লিগ নিয়ে না ভেবে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল নিয়ে ভাবতেই পারেন ভালভারদে। কারণ ওই পর্বে দুর্দান্ত ফর্মে থাকা ইংলিশ জায়ান্ট লিভারপুল তাদের প্রতিপক্ষ।
মেসির অনুপস্থিতিতে স্প্যানিশ তরুণ কার্লেস অ্যালেনা ও লুইস সুয়ারেজ গোল করেন। প্রথমার্ধে বার্সাকে গোলবঞ্চিত রেখেছিল স্বাগতিক আলাভেস। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে লিগে ম্যাচের গোলখরা কাটান অ্যালেনা। লিগে এটি তার দ্বিতীয় গোল। পরে ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সুয়ারেজ। মেসি না থাকায় উরুগুয়ে তারকাই পেনাল্টি নেন। লক্ষ্যভেদ করে মৌসুমে নিজের ২১ গোল পূর্ণ করেন সুয়ারেজ। এতে টানা চার মৌসুমে লিগে ২০ গোলের মাইলফলক পার করলেন এ স্ট্রাইকার। এছাড়া আরও একটি গোল করেছিলেন তিনি। কিন্তু ভিএআরে অফসাইড আসায় গোলটি বাতিল হয়। দ্বিতীয়ার্ধেই বেশ কয়েকটি গোলের সুযোগ মিস করে অতিথিরা। মেসির একটি শট বারে লেগে ফিরে আসে। তাই দুই গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় কাতালান জায়ান্টদের।