পপ গায়িকা মিলা ২০১৭ সালের ১২ মে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের পাইলট পারভেজ সানজারিকে বিয়ে করেন। বিয়ের কয়েক মাস পর স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে মামলা করেন তিনি। সেই মামলায় জামিনের সুযোগ না থাকলেও কৌশলে মামলার ধারা পরিবর্তন করে জামিন দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন মিলা।
গতকাল বুধবার বিকেলে রাজধানীর বেইলি রোডের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে মিলা বলেন, ‘আমাকে না বুঝতে দিয়ে খ ধারা পাল্টে গ ধারায় মামলার চার্জ গঠন করা হয়। আমাকে কোর্ট নানান বুঝ দিয়ে পারভেজকে পার্মানেন্ট জামিন দেয়। দুই বছর অপেক্ষা করেছি। ভেবেছি এর প্রতিকার পাব। কিন্তু আমি আর পারছি না। আমার ওপর করা অমানুষিক নির্যাতনের বিচার চাই।’
প্রধানমন্ত্রীর সাহায্য চেয়ে মিলা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী, আমি তার কাছে বিচার চাই। আমি শুধু শিল্পীই না, ২০১১ সাল থেকে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য, একজন কর্মী।’ মিলার বাবা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শহিদুল ইসলাম ও ছোট বোন দিশা এ সময় সেখানে ছিলেন।