কোনো গুরুতর কারণ ছাড়াই এক ফিলিস্তিনি কিশোরের দুই পায়ে গুলি করার অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে।
ঘটনাস্থল টুকু গ্রামের এক বাসিন্দা জানিয়েছেন, সে দিন পথদুর্ঘটনায় নিহত এক স্কুল শিক্ষকের শেষকৃত্য হচ্ছিল এলাকায়। বেশ ভিড় হয়েছিল। শান্তি-শৃঙ্খলা রক্ষার দোহাই দিয়ে জড়ো হয়েছিল ইসরায়েলি সেনা। সব ঠিক ছিল। হঠাৎ ফিলিস্তিনিদের একাংশ সেনাদের লক্ষ্য করে পাথর ছোড়া শুরু করে বলে ইসরায়েলি সেনাদের দাবি।
আর এই অভিযোগেই বছর পনেরোর কিশোর ওসামা আল-বদানকে আটক করা হয়। খানিক পরে কিশোর সেনার হাত ছাড়িয়ে পালাতে গেলেই বন্দুক উঁচিয়ে ওসামার দু’পায়ে পর-পর গুলি করে তারা।
প্রত্যক্ষদর্শীদের তোলা কিছু ভিডিওতে ঘটনাটি ভাইরাল হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, কিশোরটির প্রাথমিক চিকিৎসা দিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসামার বাবা জানিয়েছেন, তার ছেলে এখন অনেকটাই ভালো। সেনাও ছেড়ে দিয়েছে।
তবু ক্ষোভ কমছে না ফিলিস্তিনিদের। আন্তর্জাতিক মহলও ইসরায়েলি সেনাদের প্রতি নিন্দা জানিয়েছে।