নিজে মরে ৪৫০ জনকে বাঁচিয়েছেন এই লঙ্কান

গির্জায় এক জঙ্গির পথরোধ করে প্রায় সাড়ে চারশো মানুষের জীবন বাঁচিয়েছেন রমেশ রাজু নামের এক লঙ্কান। কয়েকশ মানুষের জীবন বাঁচালেও নিজের প্রাণ বিসর্জন দিতে হয়েছে তাকে।

বিবিসি জানিয়েছে, জিয়ন গির্জা তখন ছিলো কানায় কানায় পূর্ণ। ঠিক ওই সময় এক ব্যক্তি ব্যাগপ্যাক নিয়ে গির্জায় প্রবেশের চেষ্টা করছিলেন।

ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি ভেতরে ঢুকতে পারলে বহু মানুষের জীবনহানি হতো। ৪০ বছর বয়সী রমেশই তাকে আটকে দেন।

তার স্ত্রী ক্রিসান্থিনি এবং দুই সন্তান ১৪ বছরের রুখশিখা ও ১২ বছরের নিরুবান।

ক্রিসান্থিনি গির্জাতেই সানডে স্কুলে টিচার হিসেবে কাজ করেন এবং এই রোববারেও তিনি ক্লাসে চলে গিয়েছিলেন।

রমেশের স্ত্রী জানান, গির্জার বাইরের চত্বরে তিনি এক ব্যক্তিকে বড় ব্যাগসহ দেখেন।

ওই ব্যক্তি বলছিলো তার ব্যাগে ভিডিও ক্যামেরা এবং তিনি ভেতরে প্রার্থনার ভিডিও ফুটেজ নেবেন।

‘আমার স্বামী কিছু একটা সমস্যা আঁচ করতে পারছিলেন এবং ওই ব্যক্তিকে বললেন তাকে আগে অনুমতি নিতে হবে।’

ক্রিসান্থিনি বলেন, এরপর এক প্রকার জোর করেই ওই ব্যক্তিকে চলে যেতে বাধ্য করেন তার স্বামী।

ক্রিসান্থিনি ভেতরে চলে যান যেখানে প্রায় ৪৫০ জনের মতো মানুষ প্রার্থনায় যোগ দেয়ার অপেক্ষায়।

এর মধ্যেই বড় বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে মারা যান রমেশ।