কাঠবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে, ঘুমন্ত ৪ শ্রমিক নিহত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ট্রাক চাপায় চার শ্রমিক নিহত হয়েছেন। উপজেলার ইসলামপুর ইউনিয়নে কাঠবোঝাই দ্রুতগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ঘরে ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতরা ঘরটিতে ঘুমিয়ে ছিলেন। তারা পার্শ্ববর্তী একটি ইটভাটার শ্রমিক ছিলেন।

তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ ভুইয়া বলেন, “রাতে রাঙ্গামাটি থেকে কাঠবোঝাই করে ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ভোর ৪টার দিকে এটি রাঙ্গুনিয়ার ইসলামপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ঘরে ঢুকে উল্টে যায়। এতে ওই ঘরে ঘুমন্ত অবস্থায় চারজন ট্রাকটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন।”

নিহতদের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।