“দলের সিদ্ধান্তের বাইরে শপথ নিয়েছি” বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমান।
তিনি বলেন, “দল আমাকে এর জন্য বহিষ্কার করলেও করতে পারে। এটি জেনেই শপথ নিয়েছি।”
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহিদুর আরও বলেন, “আমি বিএনপির রাজনীতি করি। দল বহিষ্কার করলেও আমি বিএনপিতে আছি, থাকব। সংসদে আমার প্রথম কাজ হবে চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চাওয়া।”
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দিকে জাতীয় সংসদ ভবনে জাহিদুরের শপথগ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়। দুপুর ১২টা নাগাদ সেই আনুষ্ঠানিকতা শেষ হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন এই সংসদ সদস্য। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব জাফর আহমেদ খান।
এর আগে সকালে জাহিদুর রহমান শপথ নেওয়ার আগ্রহ প্রকাশ করে স্পিকারকে চিঠি দেন। সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান।
এবারের নির্বাচনে তিন সাবেক সাংসদকে হারিয়ে জাহিদুর রহমান নির্বাচিত হন। রংপুর বিভাগের মধ্যে জাহিদুরই একমাত্র বিএনপির জয়ী প্রার্থী।
এদিকে জাহিদুরের শপথ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “জাহিদুরকে দল থেকে বহিষ্কার করা হবে। নির্বাচিতদের মধ্যে আর কেউ শপথ নেওয়ার চেষ্টা করলে একই পদক্ষেপ নেওয়া হবে।”