মোবাইল টাওয়ারের তেজস্ক্রিয়তার পরিমাণ জানতে চান হাইকোর্ট

শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ি, হাসপাতাল, আদালতসহ জনসমাগম থাকে এমন জায়গায় মোবাইল টাওয়ার থেকে কী পরিমাণ তেজস্ক্রিয়তা ছড়ায় তা জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসিকে এ বিষয়ে সমীক্ষা করে আগামী চার মাসের মধ্যে প্রতিবেদন দিতে হবে।

এ বিষয়ে আদালতে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানিতে বৃহস্পতিবার এ আদেশ দেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরশেদ। বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার রেজাউল ইসলাম রাকিব।