পুতিন-কিম বৈঠক: ফলপ্রসূ আলোচনায় সন্তুষ্ট দুই নেতা

উত্তর কোরিয়া নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক সফল হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্তকে এই দুই শীর্ষ নেতার মধ্যে প্রথমবারের মতো বৈঠক অনুষ্ঠিত হয়।

রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, বৈঠক শেষে দুই নেতা জানান, এ ঐতিহাসিক বৈঠকে কোরিয়া উপদ্বীপের পারমাণবিক সমস্যা সমাধানে ফলপ্রসূ আলাপ হয়েছে।

এর মধ্য দিয়ে কোরীয় উপদ্বীপে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হবে সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গেও উত্তর কোরিয়ার সম্পর্কের উন্নতি ঘটবে বলে তারা জানান।

বুধবার ট্রেনে চড়ে উত্তর কোরিয়ার সীমান্তবর্তী হ্যাসন রেল স্টেশনে পৌঁছান কিম। এসময় তাকে স্বাগত জানান রাশিয়ার কর্মকর্তারা। তবে পুতিনের ফ্লাইট বিলম্ব হওয়া ভ্লাদিভস্তকের রাশকি দ্বীপে এ বৈঠক শুরু হয় কিছুটা দেরিতে।

পুতিন বলেন, “আমরা কোরীয় উপদ্বীপের শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। কীভাবে এটি এগিয়ে নিয়ে যায়, এ ব্যাপারে আমরা নিজেদের মত বিনিয়ম করেছি। এ ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়েছে আমাদের মধ্যে।”

কিম জানান,  কোরিয়া উপদ্বীপে পারমানবিকীকরণ বন্ধে ‘মাইলস্টোন’ একটি সম্মেলন হবে এটি তেমনটা আশা করেছিলেন তিনি। তবে এখন এ বৈঠকের ফলে দুই দেশের মধ্যে  ‘ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ গড়ে উঠবে।

এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বিরুদ্ধে ‘কাণ্ডজ্ঞানহীন কথা’ বলার অভিযোগ এনে তাঁকে পরমাণুবিষয়ক আলোচনা থেকে সরিয়ে দেওয়ার দাবি জানায় উত্তর কোরিয়া।

হ্যানয় শীর্ষ সম্মেলনটি কার্যকর না হওয়ার জন্য পম্পেওকেই দায়ী করছে উত্তর কোরিয়া।

এরই মধ্যে ভ্লাদিভস্তের রাশকি দ্বীপে রাশিয়া ও উত্তর কোরিয়ার পতাকা শোভিত হয়েছে বলে জানা গেছে।

এর আগে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির অবসান ঘটাতে আলোচনায় জড়িত ছিল রাশিয়া। ওই সময় উত্তর কোরিয়ার সাবেক নেতা কিম জং-উনের বাবা কিম জং-ইল ২০১১ সালে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে দেখা করেন।