নতুন গেজেটভুক্ত ২৭১ টি কলেজে অবিলম্বে সরকারি বেতন কার্যকরের দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
‘এক কথা এক দাবি - বেতন দিবো সরকারি’ এই স্লোগানে বৃহস্পতিবার দুপুরে সাভার থানা বাসষ্ট্যান্ডে প্রায় আধ ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচী পালন করে তারা।
এসময় বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত মানববন্ধনে গেজেটভুক্ত সাভার সরকারি কলেজের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর আগে তারা কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে থানা স্ট্যান্ডে জড়ো হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ প্রায় আট মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত নতুন গেজেটভুক্ত হওয়া দেশের ২৭১ টি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি বেতন চালু করা হয়নি। নামে সরকারীকরণ বলা হলেও বেসরকারি হিসেবেই শিক্ষার্থীদেরকে বেতন ও পরীক্ষার ফিসহ সকল প্রকার ব্যয় পরিশোধ করতে হচ্ছে।
ছাত্র ছাত্রীরা সরকারি প্রতিষ্ঠান জেনে সাভার কলেজে ভর্তি হলেও সরকারি কোন সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছেনা। তাই নতুন গেজেটভুক্ত হওয়া ২৭১টি কলেজে দ্রুততম সময়ের মধ্যে সরকারি বেতন কার্যকরের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আন্দোলন বিষয়ে সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. কামরুন্নাহার বলেন, নতুন গেজেটভুক্ত হওয়া কলেজগুলোতে সকল সরকারি সুযোগ-সুবিধা চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়েই কলেজগুলোতে সরকারি বেতনসহ যাবতীয় বিষয় সমূহ বাস্তবায়ন হবে। যদিও এটি খানিকটা সময় সাপেক্ষ। আমি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো যাতে করে তারা নিজ নিজ ক্লাসে ফিরে যায়। সরকার বিষয়টি অবগত আছেন এবং তা বাস্তবায়নের কার্যক্রম চলমান আছে।
ঢাকা জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আবুল হোসেন বলেন, দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা সাভার থানা স্ট্যান্ডে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় খবর সড়কটির দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি আমরা ঘটনাস্থলে গিলে তাদের বিষয়টি বোঝানোর চেষ্টা করি। এক পর্যায়ে প্রায় আধা ঘণ্টা অবরোধ শেষে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সড়ে যায়।
উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট নতুন করে দেশের ২৭১টি কলেজ সরকারিকরণে চূড়ান্ত অনুমোদন দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের পর গত বছরের ১২ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করা হলেও অদ্যাবধি এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য সরকারি বেতন চালু করা হয়নি।