দুই সপ্তাহের মধ্যে বগুড়া জেলার আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ

আগামী দুই সপ্তাহের মধ্যে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। বিকেলে দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত।

তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়া জেলা নেতাদের ঢাকায় ডাকা হয়েছিল। তাদের সঙ্গে বৈঠক করে জেলা নেতাদের আগামী দুই সপ্তাহের মধ্যে আহ্বায়ক কমিটি গঠন করতে বলা হয়েছে। তারা ব্যর্থ হলে কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটি গঠন করে দেওয়া হবে।  

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনসহ জেলা নেতৃবৃন্দ।

শাহীন শওকত বলেন. সভায় হট্টগোল করায় জেলা সভাপতি সাইফুলকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসান হিমু’র সভাপতি পদ স্থগিত করা হয়েছে।

সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে স্বেচ্ছাসেবক দল, বগুড়া জেলা শাখার সভাপতি মেহেদী হাসান হিমু’র সভাপতির পদ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।