শ্বাসরুদ্ধকর জয় রাজস্থানের

ইংল্যান্ডের বিশ্বকাপ দলে স্থান নিশ্চিত করতেই হয়ত এমন পারফরম করলেন জোফরা আর্চার। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দলকে শেষ ওভারে জিতিয়েছেন তিনি। শেষ ওভারের প্রথম দুই বলে ছয় ও চার মেরে খেলা শেষ করে দেন এই অলরাউন্ডার। ১২ বলে অপরাজিত ২৭ করে দলকে এনে দিয়েছেন ৩ উইকেটের জয়। কলকাতার দেওয়া ১৭৬ রানের লক্ষ্য ৭ উইকেটে ১৭৭ করে টপকে যায় রাজস্থান। কলকাতা দিনেশ কার্তিকের ৯৭ রানে ৬ উইকেটে ১৭৫ করেছিল।

অধিনায়ক দিনেশ কার্তিক ব্যাট হাতে প্রথমবারের মতো ঝলসে ওঠায় বড় সংগ্রহ পেয়ে যায় তারা। উইকেট পড়তে থাকলেও কার্তিক অপর প্রান্তে লড়ে যান শেষ পর্যন্ত। ৫০ বলে ৯৭ রানে অপরাজিত ছিলেন তিনি। তার ব্যাট থেকে এসেছে ৯টি ছক্কা ও ৭টি চার। দ্বিতীয় সর্বোচ্চ ২১ আসে নিতিশ রানার ব্যাট থেকে। এদিন রাসেল ১৪ বলে ১৪ রান করেন।

লক্ষ্য তাড়া করতে নামা রাজস্থানকে আটকে দেন দুই স্পিনার সুনিল নারাইন ও পিযুস চাওলা। নারাইন ২টি ও চাওলা ৩ উইকেট নেন। রাজস্থানের ইনিংসে বড় স্কোর করতে পারেননি কোনো ব্যাটসম্যান। আজিঙ্কা রাহানে ৩৪ ও স্যামসন ২২ করে শুরুটা

এনে দিলেও তা টানতে ব্যর্থ বাকিরা। নিচের দিকে পরাগ সর্বোচ্চ ৪৭ করেন। কিন্তু আর্চার সব শঙ্কা উড়িয়ে দেন। এ জয়ে রাজস্থানের প্লে অফ স্বপ্ন এখনো টিকে রইল।