ডিএমপির সভা

রমজানে থাকবে বাড়তি নিরাপত্তা ভ্রাম্যমাণ আদালত

পবিত্র রমজান মাসে নিñিদ্র নিরাপত্তা দিতে প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিভিন্ন স্টেশন ও মার্কেটে থাকবে পুলিশ পাহারা। পাশাপাশি ভেজালমুক্ত খাবার নিশ্চিত ও ভেজাল প্রতিরোধে কাজ করবে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন উপলক্ষে ঢাকা মহানগরের সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনাবিষয়ক বিশেষ সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়।

ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, অতীতের মতো এবারও রমজান ও ঈদে ঢাকা মহানগরী জুড়ে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেল স্টেশনে মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ। ছিনতাই, চাঁদাবাজি, অজ্ঞান ও মলম পার্টির প্রতিরোধে থাকবে সাদা পোশাক ও ইউনিফর্মে পুলিশের বিশেষ টিম। বিভিন্ন মার্কেট, শপিংমলেও পুলিশ নিরাপত্তা দেবে। পাশাপাশি মার্কেটের নিরাপত্তার জন্য মার্কেট মালিক সমিতিকে সিসি ক্যামেরা, আর্চওয়ে, নিজস্ব সিকিউরিটি, এক্সেস কন্ট্রোল মেশিনসহ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নগদ টাকা পরিবহনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে কমিশনার বলেন, ‘মোবাইল ব্যাংকিং এজেন্টের টাকাসহ বড় অঙ্কের টাকা পরিবহনের ক্ষেত্রে পুলিশের মানি এস্কর্ট সেবা নিন। এজন্য নিকটের থানায় যোগাযোগ করুন।’ রমজানে যানজট সহনীয় রাখার বিষয়ে কমিশনার বলেন, ‘পবিত্র রমজানে জনসাধারণ যাতে ইফতারের আগে গন্তব্যে পৌঁছাতে পারে সে লক্ষ্যে ট্রাফিক বিভাগ কাজ করবে।’