বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরী নিহতের ঘটনার মামলায় সুপ্রভাত বাসের মালিক-চালকসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালতে পৃথক দুটি চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কাজী শরিফুল ইসলাম।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশনের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান জানান, আবরার নিহতের ঘটনায় বাসের কন্ডাক্টর ইয়াছির আরাফাত ও মালিক ননী গোপাল সরকারের বিরুদ্ধে পেনাল কোডের ২৭৯/৩০৪/১০৯ ধারায় চার্জশিট দেওয়া হয়। অপরদিকে ঘটনায় জড়িত থাকার কোনো তথ্যপ্রমাণ না পাওয়ায় বাসচালক সিরাজুল ইসলাম ও তার সহকারী ইব্রাহিম হোসেনকে অব্যাহতির আবেদন করা হয়। এ ছাড়া পথচারী সিমথিয়া সুলতানা মুক্তাকে আহত করায় বাসচালক, তার সহকারী, কন্ডাক্টর ও মালিকের বিরুদ্ধে পেনাল কোডের ২৭৯/৩৩৮-ক/১০৯ ধারায় আরেকটি চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা। এ মামলায় তারা কারাগারে। আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।