স্বাক্ষর জাল ও সম্পদ বেহাতের শঙ্কার কথা জানিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলের নেতা হুসেইন মুহম্মদ এরশাদ। বনানী থানায় করা ওই সাধারণ ডায়েরিতে এরশাদ উল্লেখ করেছেন, অসুস্থতার সুযোগ নিয়ে তার স্বাক্ষর নকল করে পার্টির প্রয়োজনীয় কাগজপত্র, দলের বিভিন্ন পদ-পদবি বাগিয়ে নেওয়া, ব্যাংক হিসাব জালিয়াতি এবং পারিবারিক সম্পদহানির হুমকি রয়েছে। এ অবস্থায় কেউ যেন এমন অপরাধ করতে না পারে, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা দরকার।
গত বুধবার দুপুরে এরশাদ তার ব্যক্তিগত সহকারীর মাধ্যমে রাজধানীর বনানী থানায় এই সাধারণ ডায়েরি (জিডি) করেন বলে নিশ্চিত করেছেন বনানী থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন সাহা।