অভিবাসী শ্রমিকদের সুরক্ষায় আইন বাস্তবায়ন এবং তাদের বিপদ থেকে রক্ষার দায়িত্ব সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য শিরিন আক্তার। গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে কর্মজীবী নারী আয়োজিত ‘সেফ অ্যান্ড ফেয়ার মাইগ্রেশন ফ্রম দ্য পারসপেকটিভ অব উইমেন মাইগ্রেন্ট গার্মেন্টস ওয়ার্কার্স’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শিরিন আক্তার বলেন, ‘আমরা নারীদের দেশের বাইরে পাঠাচ্ছি। যে দেশে পাঠাচ্ছি নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি ও আচরণ কেমন তা জানতে হবে। দূতাবাসের মাধ্যমে শ্রমিকদের বিষয়ে জানার ব্যবস্থা রাখতে হবে।’ তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি তিনটি খুঁটির ওপর দাঁড়িয়ে আছে। এগুলো হচ্ছে অভিবাসী শ্রমিক, কৃষি ও পোশাকশিল্প।