তিন খান এক সিনেমা!

সম্প্রতি শাহরুখ খানের বাংলো মান্নাতে হাজির হয়েছিলেন আমির খান ও সালমান খান। তারা একসঙ্গে কয়েক ঘণ্টা কাটান। এরপর থেকে ভারতীয় মিডিয়ায় রটে গেছে, তিন খান ক্যারিয়ার নিয়ে পরিকল্পনার জন্য এক হয়েছিলেন। সম্ভবত তাদের একই সিনেমায় দেখা যেতে পারে।

ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে দাবি করা হয়, কয়েক ঘণ্টা কর্মপরিকল্পনা করেছেন শাহরুখ-আমির-সালমান। বিকেল থেকে রাত আটটা পর্যন্ত তাদের বৈঠক স্থায়ী হয়।

বলিউডের সবচেয়ে দামি এই নায়কদের সিনেমা ২০১৮ সালে ফ্লপ হয়েছে। আনন্দ এল রাই-এর পরিচালনায় শাহরুখ খানের ‘জিরো’ একদমই সাড়া পায়নি। এরপর নতুন সিনেমা গ্রহণের ক্ষেত্রে দ্বিধা রয়েছেন নায়ক।

ফাতিমা সানা শেখ, অমিতাভ বচ্চন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে আমির অভিনীত ‘থাগস অব হিন্দুস্তান’ রেকর্ড আয় নিয়ে যাত্রা করলেও সুবিধা করতে পারেনি বাজারে। এ ছাড়া সালমানের ‘টিউবলাইট’-এর ধাক্কা অনেকটা সামলেছেন ‘রেস থ্রি’ দিয়ে। অনেক বড় তারকা সমৃদ্ধ ছবিটি মোটামুটি ব্যবসা করেছে।

এ কারণে ভাবা হচ্ছে সাম্প্রতিক বৈঠকে তিন খান নিজের ক্যারিয়ার নিয়ে আলাপ করেছেন। এর আগে একাধিকবার তাদের একসঙ্গে অভিনয়ের গুজব উঠেছিল। এবারও বৈঠকের খবর চাউর হতে ভক্তরা একই প্রত্যাশার কথা জানালেন সোশ্যাল মিডিয়ায়।

সামনে মুক্তি পাবে সালমানের ‘ভারত’। শুটিং ফ্লোরে আছে ‘দাবাং থ্রি’। এরপর ‘ইনশাল্লাহ’ টিমে যোগ দেবেন ভাইজান। অন্যদিকে আমির দেখা দেবেন হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর অফিশিয়াল রিমেক ‘লাল সিং চাড্ডা’য়।