সাইফ বয়সে ১০ বছর বড় বলে আক্ষেপ নেই: কারিনা

সন্তানের মা হয়ে গেলেও কেন অধিক বয়সী সাইফ আলী খানকে বিয়ে করলেন, এ বিতর্ক পিছু ছাড়ছে না কারিনা কাপুরকে। কীভাবে ১০ বছর বেশি বয়সী সাইফের প্রেমে পড়লেন এবং বিয়ে করলেন তা নিয়ে অকপটে বললেন তিনি।

এনডিটিভি জানায়, হিউম্যানস অফ বোম্বের জন্য লেখা একটি পোস্টে কারিনা লিখেছেন প্রেম, বিয়ে ও মাতৃত্ব নিয়ে। এ অভিনেত্রী বলেন, “২০০৮ সালের তাশান সিনেমার শুটিংয়ের সময় সাইফ আলী খানের প্রেমে পড়েন তিনি।”

তিনি লিখেন, “আমি যখন পড়ে যাচ্ছি সাইফই আমাকে তুলে ধরলেন। আমার সঙ্গে তো ওর আগেও দেখা হয়েছে, কিন্তু যখন আমরা তাশানের শুটিং করছি, তখন সেই পরিচয় কিছুটা বদলে গেল। আমি ভালোবেসে ফেললাম! ও দারুণ একজন মানুষ; প্রেমে না পড়ে উপায় ছিল না।”

সেই সময়ের কথা স্মরণ করে এ অভিনেত্রী জানান, বাইক চালিয়ে দূরে ঘুরতে যাওয়া আর দুর্দান্ত আড্ডা মারতে মারতেই তাদের সম্পর্ক গভীর হয়।

কারিনা লিখেন, “আমার মনে আছে লাদাখ এবং জয়সলমেরে শুটিং করার সময় আমরা একটু আলাদা করে সময় কাটাতে বাইকে করে দূরে ঘুরতে যেতাম। আমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা মারতাম।”

সাইফের বয়স বেশি বলে অনেকে কারিনার সমালোচনা করে থাকেন। এ ব্যাপারে তিনি স্পষ্ট করে জানান, সাইফের বেশি বয়স নিয়ে একেবারেই চিন্তিত নন তিনি। নেই কোনো আক্ষেপ।

কারিনা বলেন, “সাইফ আমার চেয়ে ১০ বছরের বড় এবং তৈমুর ছাড়াও তার আরও ২ জন সন্তান রয়েছে। তবে আমার জন্য সাইফ এমন একজন মানুষ, যিনি আমাকে ভালো করে তুলতে ও ভালোবাসতে সাহায্য করেছিলেন। সম্ভবত এই কারণেই আমরা অনেকটা আলাদা, সে খুব ব্যক্তিগত এবং বলিউডে মিশে থাকা মানুষ নন। আমি ওর কাছ থেকে কীভাবে ভারসাম্য রেখে চলতে হয় তা শিখেছি।”

২ বছর বয়সী তৈমুরের মা কারিনা বলেন, “বিয়ের কয়েক বছর পর আমাদের ছেলে তৈমুর জন্মায়। মাতৃত্ব আমার জীবনের সবচেয়ে বড় বিষয়। তৈমুর আমার এমন এক অংশ যাকে ছাড়া আমি একটা ঘণ্টাও কাটাতে পারব না। আমি যেখানেই থাকি ও সব সময় আমার সঙ্গে থাকে। ও চায় প্রতিদিন আমি কঠোর পরিশ্রম করি।”

কারিনা কাপুরকে সর্বশেষ দেখা যায় ‘ভিরে দি ওয়েডিং’ সিনেমায়। এতে তার সঙ্গে অভিনয় করেছেন সোনম কাপুর, শিখা তালসানিয়া এবং স্বরা ভাস্করের সঙ্গে। আগামীতে তাকে দেখা যাবে ‘গুড নিউজ’ সিনেমাতে। এতে তার সঙ্গে আছেন অক্ষয় কুমার, কিয়ারা আদভানি ও দিলজিৎ দোসাঞ্জ।