জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে এক গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ করে পলাতক এহছানুল হক ওরফে শিমুকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানার তালতলা এলাকা থেকে পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। গতকাল শুক্রবার পিবিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
পিবিআই ঢাকা মেট্রোর বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিগুণ লাভের আশায় তিন কাঠা জমি বিক্রির এক কোটি টাকা ন্যাশনাল ব্যাংক লিমিটেডের রোকেয়া সরণি শাখায় দুটি হিসাব নম্বরে জমা রেখেছিলেন মিরপুরের শাহনাজ শম্মী (৪৬)। ওই জমি বিক্রির সঙ্গে জড়িত এহছানুল আরও বেশি লাভের প্রলোভন দেখান। কথিত মতিঝিল করপোরেট শাখায় তিন মাস মেয়াদি আমানতের জন্য সাড়ে ১৪ টাকা হার সুদ দেওয়ার প্রলোভন দেখান তিনি। এহছানুলের কথায় এক কোটি টাকা মতিঝিল করপোরেট শাখায় স্থানান্তরে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করেন শাহনাজ। এরপর ছেলেকে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া পাঠানোর বন্দোবস্ত হওয়ায় ব্যাংকে খোঁজ নিতে গিয়ে তিনি জানতে পারেন, অ্যাকাউন্টে কোনো টাকা নেই। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে শাহনাজ বাদী হয়ে শিমুর বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে ২০১৬ সালের ১৪ ডিসেম্বর শেরেবাংলা নগর থানায় মামলা করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেপ্তার ও আদালতে উপস্থাপনের পর দুই দিনের রিমান্ডে পাঠানো হয় এহছানুলকে।