ববির অনশন কর্মসূচি প্রত্যাহার

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ অসুস্থ ১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের অপসারণের দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীদের ডাকা আমরণ অনশন কর্মসূচির তৃতীয় দিনে গতকাল শুক্রবার চার শিক্ষকসহ ১৬ জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। এরা হলেন শিক্ষক সমিতির সহসভাপতি কায়ছার আহম্মেদ জয়, সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার।

এদিকে গতকাল সন্ধ্যায় অনশন কর্মসূচি আগামী সোমবার পর্যন্ত স্থগিতের ঘোষণা দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া। তিনি জানান, শিক্ষক সমিতির আহ্বানে সাড়া দিয়ে বুধবার থেকে এ পর্যন্ত ৫৬ জন শিক্ষক তাদের প্রশাসনিক পদ (প্রভোস্ট, প্রক্টর, চেয়ারম্যানসহ বিভিন্ন পদ) থেকে পদত্যাগের বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের নেতা লোকমান হোসেন জানিয়েছেন, আমরণ অনশনে গতকাল সকাল পর্যন্ত ১২ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছেন।

গত ২৬ মার্চ একটি অনুষ্ঠানে উপাচার্য এস এম ইমামুল হক শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে গালি দেন বলে অভিযোগ ওঠে। সেই থেকে শিক্ষার্থীদের আন্দোলনের সূত্রপাত। প্রথমে ১০ দফা এবং পরে উপাচার্য পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে নামেন তারা। আন্দোলনের এক মাস অতিক্রম করলেও বিষয়টির কোনো সুরাহা হয়নি।