ক্রিকেট বিশ্বকাপের মূল পর্ব শুরু হবে ৩০ মে থেকে। এরই মধ্যে দল ঘোষণা করেছে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো। ক্রিকেট ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আম্পায়াররা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ঘোষণা করেছে বিশ্বকাপের আম্পায়ারিং প্যানেল। ১৬ সদস্যের আম্পায়ার প্যানেল এবং ৬ জন ম্যাচ রেফারির নাম ঘোষণা করেছে আইসিসি।
এবার রাউন্ড রবিন লিগে বিশ্বকাপ হওয়ায় প্রথম পর্বে মোট ম্যাচ খেলা হবে ৪৫টি। দুই সেমিফাইনাল ও ফাইনালসহ মোট ম্যাচ ৪৮টি। ঘোষিত প্যানেল প্রথম পর্বের ৪৫ ম্যাচ পরিচালনা করবে। প্রথম পর্ব শেষে জানানো হবে এই প্যানেল থেকে কারা সেমিফাইনাল, ফাইনাল ম্যাচের দায়িত্ব পালন করবেন। ২০১৯ বিশ্বকাপের ১৬ সদস্যের আম্পায়ার প্যানেলে একজন করে ভারতীয়, পাকিস্তানি এবং দুজন শ্রীলঙ্কান থাকলেও নেই কোনো বাংলাদেশি আম্পায়ার। একজন শ্রীলঙ্কান আছেন ম্যাচ রেফারির দায়িত্বে।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীলঙ্কান কুমার ধর্মসেনা ও ইংল্যান্ডের ব্রুস ওক্সেনফোর্ডকে। থার্ড আম্পায়ার হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ান পল রাইফেল। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন আরেক অস্ট্রেলিয়ান ডেভিড বুন। আর চতুর্থ অফিশিয়াল হিসেবে থাকবেন ক্যারিবিয়ান জোয়েল উইলসন।
২০১৯ বিশ্বকাপের আম্পায়ার : আলিম দার, কুমার ধর্মসেনা, মরিস এরাসমাস, ক্রিস গ্যাফানে, ইয়ান গুল্ড, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড ক্যাটেলব্রো, নাইজেল লং, ব্রুস ওক্সেনফোর্ড, সুন্দরম রবি, পল রাইফেল, রড টাকার, জোয়েল উইলসন, মাইকেল গুচ, রুচিরা পাল্লিয়াগুরুগে ও পল উইলসন।
২০১৯ বিশ্বকাপের ম্যাচ রেফারি : ক্রিস ব্রড, ডেভিড বুন, অ্যান্ডি পাইক্রফট, জেফ ক্রো, রঞ্জন মাধুগালে ও রিচি রিচার্ডসন।