পিএসজির কাপ স্বপ্ন

টানা ইনজুরির পর ফিট হয়ে ফিরেছেন নেইমার। ব্রাজিল তারকা ফিরে উৎসব করেছেন পিএসজির লিগ শিরোপা জয়ের। এবার কাপ শিরোপা জয়েরও সুযোগ তার সামনে। আজ রেনের বিপক্ষে ফ্রেঞ্চ কাপ ফাইনালে মুখোমুখি হবে পিএসজি। এ ম্যাচ দিয়ে টানা পঞ্চম কাপ শিরোপার সামনে দলটি। নেইমারকে নিয়েই এই সাফল্য পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ফরাসি জায়ান্টরা। নেইমারের সঙ্গে আজ ফিরছেন স্ট্রাইকার এডিনসন কাভানিও। দুই সেরা তারকার ফেরায় রেনের বিপক্ষে স্পষ্ট ফেভারিট পিএসজি। আজ অঘটন না ঘটলে মৌসুমে ডাবল শিরোপা নিশ্চিত হবে নেইমার-এমবাপেদের।

৪৮ বছর পর ফ্রেঞ্চ কাপ জয়ের সুযোগ রেনের সামনে। দলটির জন্য অঘটন স্বপ্ন দেখা ছাড়া কোনো উপায় নেই। কারণ লিগে দুবারের মুখোমুখি হয়ে দুবারই পিএসজির কাছে হেরেছে তারা। ঘরের মাঠে ৩-১ ব্যবধানে আর পিএসজির মাঠে ৪-১-এ। ১৯৬৫ ও ’৭১ সালে কাপ শিরোপা জেতা রেনে সর্বশেষ ২০০৯ ও ’১৪-তে এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল। দুবারই ফাইনালে ব্যর্থ হয়ে ফিরেছে। তবুও রেনেকে নিয়ে সতর্ক পিএসজির অভিজ্ঞ গোলকিপার জিয়ানলুইজি বাফন, ‘এটা লিগ হলে আমাদের ৮০ ভাগ সুযোগ থাকত। কিন্তু এটা ফাইনাল ম্যাচ। এখানে যেকোনো কিছু হতে পারে। তাই সুযোগটা ৬০-এ নেমে আসবে।’

জানুয়ারির পর মাঠের বাইরে চলে যান নেইমার। তার ফেরার কথা ছিল আজকের কাপ ফাইনাল দিয়ে। কিন্তু ফিট হয়ে যাওয়ায় গত সপ্তাহে লিগের ম্যাচ দিয়েই মাঠে ফিরেছেন। লিগ শিরোপা নিশ্চিতের পর এবার কাপও জিততে চান ব্রাজিল তারকা, ‘একটি শিরোপা সবসময়ই গর্ব ও সম্মানের। আমরা সবাই জানি আমাদের লক্ষ্য যতটা সম্ভব শিরোপা জেতা। আমি ভাগ্যবান যে লিগ শিরোপা জয়ের দিন মাঠে ছিলাম। এবার কাপ শিরোপাও জিততে চাই।’

ফ্রেঞ্চ কাপে রেকর্ড ১২ বার শিরোপা জিতেছে পিএসজি। আজ জিতলে ১৩তম বারের মতো এই ট্রফি ঘরে তুলবে তারা।