হাসপাতালের অনিয়ম দেখে ক্ষিপ্ত মাশরাফী, ভিডিও ভাইরাল

 মাশরাফী বিন মোর্ত্তজার হাসপাতালে ঝটিকা অভিযানের একটি ভিডিও দুদিন ধরে ইন্টারনেটে ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি নিজ এলাকা নড়াইলে গিয়ে সাধারণ জনগণের খোঁজখবর নেওয়া শুরু করেন, বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালান। এরই অংশ হিসেবে ২৫ এপ্রিল বিকেলে নবীন এমপি মাশরাফি নড়াইল আধুনিক সদর হাসপাতালে ঝটিকা সফর করেন।

হাসপাতালে ম্যাশ প্রথমে বিভিন্ন ওয়ার্ডের রোগীদের সঙ্গে কথা বলেন। এরপর পুরো হাসপাতালে অব্যবস্থাপনা দেখে ক্ষিপ্ত হন। সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে।

হাসপাতালে এদিন একজন মাত্র ডাক্তার ও কয়েকজন নার্স দায়িত্ব পালন করছিলেন।

তিনি খোঁজ নিয়ে জানতে পারেন হাসপাতালে পর্যাপ্ত নার্স থাকলেও প্রতিদিন দুয়েকজন নার্স দিয়েই বিভিন্ন ওয়ার্ড পরিচালিত হচ্ছে। এ সময় তিনি নার্সদের কক্ষে তালা দেখতে পেয়ে টেলিফোনে দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাননি।

এছাড়া পুরো হাসপাতালে একজন চিকিৎসকের দায়িত্ব পালনের দৃশ্য দেখে তিনি ক্ষিপ্ত হন। জানতে পারেন, ছুটি ছাড়াই একজন চিকিৎসক তিন দিন অনুপস্থিত রয়েছেন।

ভিডিওতে দেখা গেছে, মাশরাফী রোগী সেজে ওই চিকিৎসককে ফোন করেন। তিনি মাশরাফীকে রোববার হাসপাতালে এসে চিকিৎসা নিতে বলেন। পরে নিজের পরিচয় দিয়ে মাশরাফি চিকিৎসককে বলেন, “এখন যদি হাসপাতালে অপারেশন দরকার হয় তাহলে সেই রোগী কী করবেন? চুপ করে আছেন কেন? আপনি কি ফাইজলামি করেন? চাকরি করলে নিয়ম মেনেই করবেন।”

এরপর মাশরাফী সেই ডাক্তারকে দ্রুত কর্মস্থলে ফিরে আসার নির্দেশ দেন।

ওই সময় নড়াইল এক্সপ্রেস রোগীদের অনুরোধে হাসপাতালের বাথরুম ও পরিবেশ দেখে বিব্রত হয়ে যান।