দলের সিদ্ধান্তের বাইরে দু-একজন সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিলে তাতে দলের কোনো ক্ষতি হবে না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, বিএনপি বট গাছের মতো; দু-একটা পাতা ঝরলে তাতে কিছু যায় আসে না।
জাতীয়তাবাদী তাঁতীদলের নতুন কমিটি গঠন উপলক্ষে শনিবার বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে ড. মোশাররফ এসব কথা বলেন।
তিনি বলেন, “বিএনপিকে চাপে রাখতেই আমাদের নেত্রীকে কারাগারে রাখা হয়েছে। জামিনযোগ্য মামলা হওয়া সত্ত্বেও একদিকে জামিন দিচ্ছে, অন্যদিকে অন্য মামলা দিয়ে তাকে কারাগারে আটকে রাখা হচ্ছে।”
বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন যে বিএনপিকে চাপে রাখা হচ্ছে না। এটা জনগণ বিচার করবে। জনগণের চোখের সামনে পরিষ্কার- এই সরকার একতরফাভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য বিএনপির ওপরে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করছে।”
দলীয় আনুগত্যের বাইরে গিয়ে বিএনপির এমপিরা কেন শপথ নিচ্ছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিএনপি একটা বড় বটগাছ। এখান থেকে দু-একটা পাতা ঝরে গেলে কিছু আসে যায় না।”
ড. মোশাররফ বলেন, “আমাদের অতীত ইতিহাসে এরকম আছে- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবরণের পরে হুদা, মতিন এবং প্রেসিডেন্টের কেবিনেটের ডাকসাইটের মন্ত্রীরা এই বিএনপি ভাঙার চেষ্টা করেছিল। কিন্তু তারা পারেনি। এরপর ওয়ান- ইলেভেনের সময়ও চেষ্টা করেছিল। অতএব, দু-এক জন শপথ নিল কি নিল না- এটা এত বড় দলের জন্য তেমন কোনো বিষয় না।”
তিনি বলেন, দু-একজন আমাদের সিদ্ধান্তের বাইরে কোনো পদক্ষেপ নিলে তাহলে দল আমাদের গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেবে। এ সময় দলীয় সিদ্ধান্তের বাইরে শপথ নেওয়াকে দুঃখজনক বলেও অভিহিত করেন বিএনপির জ্যেষ্ঠ এ নেতা।
এসময় জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজ উল্লাহর মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে ড. মোশাররফ বলেন, মাহফুজ উল্লাহকে হারিয়ে জাতির অনেক অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি কী দিয়ে পূরণ হবে তা আমি জানি না।