পাঁচ বছরের শিশুকে যৌন নিপীড়ন, স্থানীয়দের বিক্ষোভ

যশোর শহরে পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। প্রতিবাদে শনিবার দুপুরে স্থানীয় নারী-পুরুষ-শিশুরা অভিযুক্ত বাবুর গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ করেছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত বাবুর মা ফুলমতিকে থানায় নিয়ে যায়।

শিশুটির মা জানান, তারা ধর্মতলা রেল লাইন এলাকার হাবিবুর রহমানের বাড়িতে ভাড়া থাকেন। বাড়িওয়ালার ভাগ্নে ইজিবাইক চালক বাবু (২০) তার মেয়েকে যৌনপীড়ন করেছে। শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে খেলা করছিল মেয়েটি। ওইসময় বাবু তাকে চকলেট, কেক ইত্যাদি দেওয়ার কথা বলে ঘরের ভেতর নিয়ে যায়। এরপর মুখ চেপে ধরে ধর্ষণ করার সময় মেয়েটি চিৎকার দিলে বাবু পালিয়ে যায়। বিষয়টি পরে তিনি স্থানীয়দের জানান।

এদিকে, শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় ক্ষুব্ধ হয়ে শনিবার দুপুরে স্থানীয় লোকজন ধর্মতলা এলাকায় বিক্ষোভ দেখায়। তারা এলাকায় মিছিল করে এবং বাবুকে গ্রেপ্তারের দাবি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ আশ্বাস করে।

কোতোয়ালি থানার এসআই তারেক নাহিয়ান বলেন, অভিযুক্ত বাবুর মা ফুলমতিকে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় আনা হয়েছে।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) সমীর কুমার সরকার বলেন, বাবুকে আটকে পুলিশ অভিযান শুরু করেছে।

ধর্ষণচেষ্টাকারী বাবু ধর্মতলা রেল লাইন এলাকার শহিদুল ইসলাম জুম্মানের ছেলে।