আদালতের স্থগিতাদেশ কাটিয়ে প্রায় আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন। ২০১১ সালের ১৮ আগস্ট সবশেষ নির্বাচন হয়েছিল সমিতির। ২০১১-১৩ মেয়াদি ওই নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জয়ী হন যথাক্রমে সোহেল রানা ও ডিপজল। এর পরবর্তী সময়ে কমিটির মধ্যে নানা জটিলতার কারণে আর নির্বাচন হয়নি। সরকারি প্রশাসক দিয়ে পরিচালিত হচ্ছিল এই সমিতি।
২০১৬-২০১৮ মেয়াদি নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রশাসক।কিন্তু প্রযোজক সমিতির গঠনতন্ত্র ৯ (গ) ধারা দেখিয়ে প্রযোজক নাসির হোসেন হাইকোর্টে রিট করলে নির্বাচন স্থগিত করা হয়। ওই ধারায় বলা আছে, কেউ যদি পরপর তিনবার অর্থাৎ ছয় বছর টানা নির্বাচিত হন, তাহলে পরের একবার বিরতি দিয়ে আবারও তিনি নির্বাচন করতে পারবেন। কিন্তু ২০১৬-১৮ মেয়াদের নির্বাচনে পরপর তিনবার নির্বাচিত এমন সাতজন প্রার্থী আবারও প্রার্থী হয়েছিলেন।
এবার গঠনতন্ত্র সংশোধনীর মাধ্যমে জটিলতা কাটিয়ে নির্বাচনমুখী হচ্ছেন প্রযোজকেরা। গতকাল শনিবার ঘোষণা করা হয়েছে চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির তফসিল। আগামী ২৭ জুলাই সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।
চলচ্চিত্র প্রযোজক নাসির উদ্দিন দিলু বলেন, ‘আদালতের স্থগিতাদেশ থাকার কারণে অনেক দিন নির্বাচন হচ্ছিল না। এবার তফসিল ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে অনেক দিন পর প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।’