চালন্দা গিরিপথে ঘুরতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫০ শিক্ষার্থী। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। এ সময় বাধা দিতে গিয়ে ছিনতাইকারীদের হামলায় ১৫ শিক্ষার্থী আহত হন। ঘটনার পর বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ওই এলাকায় অভিযান চালায়।
ভুক্তভোগীরা জানান, গতকাল সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে চালন্দা গিরিপথে ঘুরতে যান তিন বিভাগের ৫০ শিক্ষার্থী। ফেরার পথে গুলির শব্দ শুনে সবাই ভয় পেয়ে যান। পরে ১০-১৫ জনের একটি ছিনতাইকারী দল বন্দুক ও রামদা হাতে তাদের জিম্মি করে স্বর্ণালঙ্কার, ২৫টি মোবাইল, নগদ প্রায় ২০ হাজার টাকা ও ব্যাগ কেড়ে নেয়। এ সময় বাধা দিলে ১৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে তারা। আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে নৃবিজ্ঞান বিভাগের ছাত্র আনোয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ঘটনাটি জানার পর পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। তবে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। তিনি বলেন, ‘যেখানে শিক্ষার্থীরা ঘুরতে গেছে সে জায়গাটি অত্যন্ত বিপজ্জনক। যেকোনো সময় বড় ধরনের বিপদ হতে পারে। তাদের এখানে আসা উচিত না।’