ফরহাদের সঙ্গে কপাল খুলছে তাসকিনেরও?

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দুর্দান্ত খেলেছেন ফরহাদ রেজা। ব্যাটে-বলে আলো কেড়ে এই অলরাউন্ডার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার জোরালো দাবি জানাচ্ছিলেন। কিন্তু দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটারকে শেষ পর্যন্ত বিশ্বকাপের স্কোয়াডে রাখেননি নির্বাচকেরা। রাখা হয়নি তার আগে আয়ারল্যান্ডে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজেও।

কিন্তু হঠাৎ কপাল খুলতে যাচ্ছে ৩২ বছর বয়সী এই ক্রিকেটারের। বিশ্বকাপ ও আয়ারল্যান্ড সফরের দলে থাকা মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেনের রয়েছে ইনজুরির সমস্যা। আয়ারল্যান্ড সফরে যাওয়ার আগে এই দুজনের ইনজুরি ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। আর তাতেই সর্বশেষ ২০১৪ সালে লাল-সবুজের জার্সিতে খেলা ফরহাদ রেজার সামনে খুলে যেতে পারে জাতীয় দলের দুয়ার।

কোনো কিছুই এখনো চূড়ান্ত নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নিশ্চিত করে জানানো হয়নি কিছুই। কিন্তু ক্রিকেট পাড়ায় সন্ধ্যার পর থেকেই এ গুঞ্জন চলছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ইতিমধ্যে গণমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

মোস্তাফিজ ও রুবেলের ইনজুরির কারণে দুজন পেসার বেশি নিয়ে আয়ারল্যান্ড সফরে যেতে পারে বাংলাদেশ। সে ক্ষেত্রে পেস বোলিং অলরাউন্ডার ফরহাদ রেজার সুযোগ পাওয়াটা প্রায় নিশ্চিত। আরেকটি জায়গায় নির্বাচকদের ভাবনায় তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম। দুজনের একজন হয়তো যোগ হবে আয়ারল্যান্ডগামী দলে।

এর আগে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দলের সঙ্গে আয়ারল্যান্ড সফরের জন্য আরো দুজনকে যুক্ত করে স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেটির সঙ্গে আরো দুজন যুক্ত হলে আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ দলের সদস্য সংখ্যা দাঁড়াবে ১৯ জনে।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে স্বাগতিকেরা ছাড়াও রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৫ মে মাঠে গড়াবে সিরিজ।