এইচএসসি পরীক্ষার্থীকে অ্যাসিড নিক্ষেপ, গ্রেপ্তার ১

গাজীপুরের কাপাশিয়ায় পূর্ব শত্রুতার জেরে এইচএসসি পরীক্ষার্থী অ্যাসিড নিক্ষেপ করেছে বখাটেরা। শনিবার বিকেলে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তরাগাঁও খেয়াঘাটে এ ঘটনা ঘটে।

এইচএসসি পরীক্ষার্থী শিলা মনি উপজেলার আড়াল গ্রামের স্কুল  শিক্ষক সিরাজ উদ্দিনের মেয়ে এবং আড়াল জিএল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরিক্ষার্থী। এ ঘটনায় সাগর নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাগর একই গ্রামের আলমগীর ব্যাপারীর ছেলে।

শিলা মনির পিতা সিরাজ উদ্দিন মাস্টার জানান, আমার মেয়ে কাপাশিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শেষে বাড়িতে যাবার পথে পূর্ব শত্রুতার কারণে প্রতিবেশীরা তরগাঁও খেয়াঘাটে পথ রোধ করে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে কাপাশিয়া সরকারী হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে আমি ও আমার পরিবারের লোকজন হাসপাতালে আসি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদা ফেরদৌসি জানান, অ্যাসিড দগ্ধ শিক্ষার্থীর দুই হাতে অ্যাসিড লেগেছে। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।

কাপাশিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, খবর পেয়ে দ্রুত আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করছি কেমিক্যাল বার্ণ এ আক্রান্ত হয়েছে। পরীক্ষার্থীর পিতা বাদী হয়ে এজাহার দিয়েছেন। একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।