এমন অদ্ভুত অভিষেকের নজির দ্বিতীয়টি নেই। থাকবে কী করে? ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং না করেই যে অভিষেক হয়েছিল। সেটাও আবার বিশ্বকাপের মতো বড় আসরে। অস্ট্রেলিয়ায় ১৯৯২ সালের বিশ্বকাপে ঘটেছিল এই ঘটনা। যার অভিষেক হয়েছিল তার নাম অজয় জাদেজা। কুইন্সল্যান্ডের ম্যাকাই সিটির হারুপ পার্কে ২৮ ফেব্রুয়ারি মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কা। সেই ম্যাচটা বৃষ্টির কারণে ২০ ওভারে নামিয়ে আনা হয়। কিন্তু খেলা হয়েছিল মাত্র দুই বল। টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক অরবিন্দ ডি সিলভা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। ফলে ব্যাটিং করতে নেমেছিল ভারত। চম্পকা রামানায়েকের দুটি বল খেলেছিলেন কৃষ্ণমাচারী শ্রীকান্ত। একটি রানও করেছিলেন। এরপর বৃষ্টির কারণে আর খেলা হয়নি। তাই ম্যাচের রেজাল্ট হওয়ারও প্রশ্ন নেই। ১৯৯২ সালের ২৮ ফেব্রুয়ারির সেই ম্যাচে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল অজয় জাদেজার। ব্যাটিং করেননি। শ্রীকান্ত ও কপিল দেব ওপেন করায় সেই সুযোগও ছিল না। আর দুই বলের পর বৃষ্টি নামায় ফিল্ডিং ও বোলিংয়ের সুযোগ আসেনি ভারতের হয়ে ১৯৬টা ওয়ানডে ম্যাচ খেলা অজয় জাদেজার।