ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন চত্বর থেকে চার মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করেছে সদর মডেল থানার পুলিশ। এসময় তাদের ফুসলিয়ে ঢাকায় নেওয়ার চেষ্টার অভিযোগে অপর এক ব্যক্তিকেও আটক করা হয়। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতদের বাড়ি জেলার সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে। তাদের বয়স ১১ থেকে ১২ এবং সবাই পার্শ্ববর্তী শাহাজাদাপুর ইউনিয়নের দেওরা দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী। তাদের ফুসলিয়ে নেওয়ার চেষ্টাকারী নুরুল্লা (৩০) জেলার নবীনগর উপজেলার বিটঘর গ্রামের শহীদুল্লার ছেলে।
শিক্ষার্থীরা জানায়, মাদ্রাসার শিক্ষকরা প্রায়ই তাদের মারধর করত। গত শুক্রবার সকালে এক শিক্ষক তাদের বকাঝকা করে। সে জন্য ভয়ে তারা মাদ্রাসা থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। তারা রেলওয়ে স্টেশনে গেলে নুরুল্লা তাদেরকে নিজের সাথে করে ঢাকায় নিয়ে যেতে চায়। পরে তারা দৌড়ে এক দোকানে এসে সব খুলে বলে।
দেওরা দারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ নুরুল্লা আজাদ জানান, ওই ছাত্ররা গত শুক্রবার এক আম গাছে ঢিল মেরেছিল। এরপর তারা মাদ্রাসা থেকে পালিয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।