যুক্তরাষ্ট্রে সিনাগগে হামলায় নারী নিহত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ইহুদির উপাসনালয় সিনাগগে বন্দুকধারীর গুলিতে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। বিবিসির প্রতিবেদনে জানানো হয়, হামলার সময় সিনাগগে পাসওভার নামে ইহুদির একটি উৎসব চলছিল। এ ঘটনায় ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো শহরের উত্তরে পোওয়ে থেকে জন আর্নেস্ট নামের ১৯ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত হত্যার কোনো কারণ জানায়নি। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামলাটি দৃশ্যত বিদ্বেষপ্রসূত অপরাধ।

২০১৮ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের পিটসবার্গে সিনাগগে বন্দুকধারীর গুলিতে ১১ জন নিহত হওয়ার ঘটনার ঠিক ছয় মাস পর আবার উপাসনালয়ে হামলা হলো। পিটসবার্গের হামলাটিকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে জঘন্য ইহুদিবিদ্বেষী সহিংসতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। সান ডিয়েগো কাউন্টির আইনশৃঙ্খলা কর্মকর্তা (শেরিফ) বিল গোর সাংবাদিকদের বলেন, কর্র্তৃপক্ষ সন্দেহভাজনের সামাজিক যোগাযোগমাধ্যম তৎপরতা খতিয়ে দেখছে।