ইন্দোনেশিয়ায় গত ১৭ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে অতিরিক্ত কাজ করার ফলে অসুস্থতায় ২৭২ জন মানুষের মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় ধরে বিপুল ভোট গণনা করায় তাদের বেশিরভাগই অবসাদে ভুগছিলেন। গতকাল রবিবার দেশটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ২৬ কোটি মানুষের দেশটিতে গত ১৭ এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচন হয়। ব্যয় কমাতে এবারই প্রথমবারের মতো এ নির্বাচনের সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অন্য নির্বাচনও হয়। এ ভোট বড় পরিসরে শান্তিপূর্ণ হয়। ১৯ কোটি ৩০ লাখ ভোটারের আনুমানিক ৮০ শতাংশই তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ৮ লাখ ভোটকেন্দ্রে ভোটারদের সর্বোচ্চ পাঁচটি ভোট দিতে হয়েছে।
পশ্চিম থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত পাঁচ হাজার কিলোমিটার বিস্তৃত একটি দেশে আট ঘণ্টা ধরে ভোট পরিচালনা বিরাট আয়োজনের বিষয়। এ ভোটে হাতে ব্যালট পেপার গণনা করা অনেকের জন্য প্রাণঘাতী হয়েছে। ইন্দোনেশিয়ার নির্বাচন কমিশন কেপিইউয়ের মুখপাত্র আরিফ প্রিয় সুসান্ত জানান, গত শনিবার রাত পর্যন্ত ২৭২ জন নির্বাচনী কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। এ ছাড়া অসুস্থ রয়েছেন আরও এক হাজার ৮৭৮ জন। তিনি আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় অসুস্থ নির্বাচনী কর্মীদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিতের তাগিদ দিয়েছে।