বাঞ্ছারামপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলার দুর্গাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলো দুর্গাপুর গ্রামের সৌদি আরব প্রবাসী মো. ফারুকের মেয়ে আফরিন (৫) এবং আসাদনগর গ্রামের সৌদি আরব প্রবাসী বাবুল মিয়ার মেয়ে আয়েশা আক্তার (৭)। তারা দুর্গাপুর গ্রামের পুকুরে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে। পরে পুকুর থেকে তুলে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাঞ্ছারামপুর থানার ওসি সালাউদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রবিবার সকালে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় আফরিন ও আয়েশা। কিছুক্ষণ পর তাদের লাশ ভেসে উঠলে এলাকাবাসী দেখতে পায়। আয়েশা আসাদনগর থেকে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। সম্পর্কে তারা ফুফাতো-মামাতো বোন।