যুবলীগের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১, আটক ৫

চট্টগ্রাম নগরীতে আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের স্থানীয় দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে তৈয়বুর রহমান রুবেল নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার রাতে নগরীর খুলশী থানার ষোলশহর দুই নম্বর গেট এলাকায় এই ঘটনা ঘটেছে। আহত রুবেল নগরীর ৪২ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মহিউদ্দিন বাচ্চুর অনুসারী হিসেবে পরিচিত।

ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে জানিয়ে খুলশী থানার ওসি  প্রনব চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, নগরীর ষোলশহরের আল ফালাহ গলির একটি চায়ের দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন রুবেলসহ বাচ্চু’র অনুসারীরা। কয়েকদিন আগে মেয়রের অনুসারী হিসেবে পরিচিত জনৈক যুবলীগ নেতা পারভেজ রুবেলকে সেখানে বসে আড্ডা না দেওয়ার নির্দেশ দেন। এ সময় রুবেল এর প্রতিবাদ করেন।

শনিবার রাতে আবারও আড্ডা দিতে দেখে পারভেজ আলফালাহ গলি থেকে কিশোর-তরুণদের জড়ো করে রুবেলদের উপর হামলা চালান।

এ সময় দা, কিরিচ, এলজি হাতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। এক পর্যায়ে রুবেল গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই শিলব্রত বড়ুয়া বলেন, রাত সাড়ে আটটায় তৈয়বুর রহমানকে মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করানো হয়েছে। তার পায়ে গুলি লেগেছে।