গাবতলিতে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজধানীর দারুস সালাম থানার গাবতলি এলাকায় কাভার্ডভ্যান থেকে ১৬৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৩ এর একটি দল। রবিবার সকাল ১০টার দিকে দিকে র‌্যাবের তল্লাশিকালে তারা গ্রেপ্তার হয়।

র‌্যাব ৩ এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-৩ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকায় প্রতিনিয়ত অভিনব কায়দায় গোপনে মাদক পরিবহন করে আসছে।

এরই ভিত্তিতে র‌্যাবের টিকাটুলির একটি অপারেশন দল শনিবার তার ১১টা থেকে মহানগরীর দারুস সালাম থানার ১০নম্বর ওয়ার্ডের গাবতলীর ইউরোপিয়ান ইউনিভারসিটির দক্ষিণ পার্শ্বের আরিচা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে।

তল্লাশি চলাকালে রবিবার সকাল ১০ টার দিকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানকে থামার সংকেত দিলে সংকেত অমান্য করে পালানোর চেষ্টাকালে কাভার্ডভ্যানটি থামিয়ে তল্লাশি করে ১৬৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। যার মূল্য অনুমান ১৬ লাখ ৫০ হাজার টাকা।

এছাড়া একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ন-১৩-১৭৭২) এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় মো. দেলোয়ার হোসেন (৩৩) ও মো. আবু মুছা (২৮) নামের দুই মাদক ব্যবসায়িকে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে অন্যান্যদের সহযোগিতায় বিশেষ কৌশলে কোডিনযুক্ত আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে এনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।