৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীসহ সাতজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের বৈঠকে মামলার অনুমোদন দেওয়া হয় বলে জানান সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
মামলার অন্য আসামিরা হলেন মেসার্স রোজবার্গ অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক হযরত আলী, পরিচালক দেলোয়ার হোসেন, ফারমার্স ব্যাংকের শেরপুর শাখার প্রধান উত্তম বড়–য়া, ফারমার্স ব্যাংকের সাবেক অতিরিক্ত পরিচালক এ কে এম শামীম, ব্যাংকটির প্রধান কার্যালয়ের সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ফয়সাল আহসান চৌধুরী ও সিটি সার্ভে লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর খায়রুল আলম।
দুদকের উপপরিচালক প্রণব কুমার দেশ রূপান্তরকে বলেন, দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ৪ ধারায় মামলাটি করবেন।
গত ২৯ জানুয়ারি ‘দি ফারমার্স ব্যাংক লিমিটেড’-এর বদলে ‘পদ্মা ব্যাংক লিমিটেড’ করা হয়।