সভায় দুদক চেয়ারম্যান

সেবাদানকারী প্রতিষ্ঠানে দুর্নীতি কমাতে ২৮ টিম

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, সরকারি সেবাদান প্রক্রিয়াকে পদ্ধতিগত সংস্কারের মাধ্যমে ঘুষ, দুর্নীতি, দীর্ঘসূত্রতা এবং জনহয়রানি কমানোর লক্ষ্যে কমিশন ২৮টি প্রাতিষ্ঠানিক টিম গঠন করা হয়েছে। এর মধ্যে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা খাতে কমিশন প্রণীত বেশকিছু সুপারিশ সরকার কর্তৃক বাস্তবায়ন করা হয়েছে। বিদ্যমান বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং ছাড়া শুধু মামলা-মোকদ্দমা করে দুর্নীতি প্রতিরোধ করা যাবে না।

গতকাল রবিবার দুদক প্রধান কার্যালয়ে ইউএসএআইডির কনসালট্যান্ট জনাথন রোজ ও ডেবিড টিম্বারম্যান  এবং গভর্ন্যান্স অ্যাডভাইজর রুমানা আমিন অর্চি দুদকের সার্বিক কার্যক্রমের ওপর দুদক চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় করেন। ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি একটি গভর্ন্যান্স ইস্যু এবং এর নিয়ন্ত্রণ করাও অত্যন্ত জটিল। দেশের দুর্নীতি নিয়ন্ত্রণে রাজনীতিবিদ, আমলা, সুশীলসমাজ, মিডিয়া, বুদ্ধিজীবী, এনজিও, ব্যবসায়ীসহ সবার সমন্বিত উদ্যোগের প্রয়োজন।