চলন্ত ইজিবাইকে মায়ের কোল থেকে ছিটকে শিশুর মৃত্যু

চোখের ডাক্তার দেখানো শেষের ফেরার পথে লাশ হল চার বছরের আছিয়া আক্তার মিষ্টি। চলন্ত ইজিবাইকে মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুটি মারা যায়। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পোড়াপাড়া নামক স্থানে সোমবার সকাল ১১টায় এই দুর্ঘটনা ঘটে।

শিশুটির নানা বাবর আলী জানান, তিনিসহ মেয়ে জেসমিনা খাতুন এনি তার ৪ বছরের শিশু মিষ্টিকে চোখের ডাক্তার দেখাতে মেহেরপুর যান। ডাক্তার দেখিয়ে ইজিবাইকযোগে ফিরছিলেন বাড়িতে। তাদের বাড়ি গাংনী শহরের মহিলা কলেজ মোড়ে। মিষ্টি ছিল মায়ের কোলে। অসতর্কতার কারণে মায়ের ওড়না পেঁচিয়ে গিয়েছিল ইজিবাইকের চাকায়। এক পর্যায়ে ওড়নায় টান পড়লে শিশুটিও ওড়নার সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে পিচঢালা রাস্তায়।

শিশুটির দাদা মুফিজুল ইসলাম জানান, পরিবারের মধ্যে প্রথম কন্যা সন্তান জন্ম হওয়ায় সবাই মিলে মিষ্টি নাম ঠিক করা হয়েছিল। তাই চোখের সামনে এমন মৃত্যু মেনে নিতে নেওয়ার মতো না।

গাংনী থানার ওসি হরেন্দ্র কুমার জানান, ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মৃত্যুর জন্য ইজিবাইক চালককে দায়ী না করার কারণে চালকের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।