স্পেনের নির্বাচনে ক্ষমতাসীন দল জয়ী, কট্টরপন্থীদের উত্থান

স্পেনের ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দলের নেতা পেদ্রো সানচেজ দেশটির সাধারণ নির্বাচনে নিজেকে বিজয়ী দাবি করেছেন। এটি গত চার বছরের মধ্যে দেশটির তৃতীয় সাধারণ নির্বাচন।

আগাম নির্বাচনে তার দল পার্লামেন্টের অধিকাংশ আসনে জয়ী হওয়ার পর রোববার তিনি এ দাবি করেন।

তবে সানচেজের দল এবং তাদের মিত্র উনিদাস পোদেমস অল্পের জন্য (১১ আসনের জন্য) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। সরকার গঠনের জন্য মধ্য-ডানপন্থী দলগুলোর সমর্থন নিতে হবে তাদেরকে।

মাদ্রিদে দলীয় প্রধান কার্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে সানচেজ বলেন, “নির্বাচনে সমাজতান্ত্রিক দল জিতে গেছে। এর মাধ্যমে ভবিষ্যৎ জয়লাভ করল এবং অতীত হেরে গেল।”

সমাজতান্ত্রিক দল জিতলেও এই নির্বাচনে উত্থান ঘটেছে অভিবাসনবিরোধী কট্টর ডানপন্থী দল ভক্স’র। তারা ১০ শতাংশ ভোট পেয়ে ২৪টি আসন বাগিয়ে নিয়েছে। স্পেনের পার্লামেন্টে মোট আসন ৩৫০টি।

নির্বাচনের আগেই ধারণা করা হচ্ছিল ভালো ফলাফল করতে যাচ্ছে কট্টরপন্থী ভক্স। ১৯৭৫ সালে স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর মৃত্যুর পর এই প্রথম স্প্যানিশ পার্লামেন্টে কোনো কট্টরপন্থী দল আসন পেল।