ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মুর্ত্তজা। আয়ারল্যান্ডে ত্রি-দেশীয় ওয়ানডে সিরিজ ও বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন নড়াইল এক্সপ্রেস।
ক্যারিয়ারে চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন মাশরাফী। গত আসরের মতো এবারও বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তারকা এই পেসার। সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাশরাফী নিজের ভবিষ্যৎ নিয়ে বলেন, “হয়তোবা এটাই আমার শেষ বিশ্বকাপ।”
নিজেদের চতুর্থ বিশ্বকাপ খেলার অপেক্ষায় বাংলাদেশের চার ক্রিকেটার। মাশরাফী ছাড়া অন্য তিনজন হলেন মুশফিক, সাকিব ও তামিম।
২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ খেলা হয়নি মাশরাফীর। নয়তো পাঁচটি বিশ্বকাপ খেলা হয়ে যেত তার। ২০০৩ সালের পর ২০০৭, ২০১৫ বিশ্বকাপ খেলেন মাশরাফী।
এবারের বিশ্বকাপ নিয়ে আশার কথাও শোনালেন মাশরাফী। বাংলাদেশ মান অনুযায়ী খেলতে পারলে সেমি-ফাইনালে উঠা সম্ভব বলে বিশ্বাস তার।