বিএডিসির কর্মকর্তাকে অস্ত্র উঁচিয়ে হত্যার হুমকি দেওয়া যুবক কারাগারে

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) এক কর্মকর্তাকে অস্ত্র উঁচিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে চুয়াডাঙ্গায় জাহিদুল ইসলাম চঞ্চল (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে শহরতলীর দৌলতদিয়াড় গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তার স্বীকারোক্তিতে পুলিশ প্রদর্শন করা অস্ত্র চার রাউন্ড গুলি ও ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান, গত ২৫ এপ্রিল চঞ্চলসহ ৫/৬ জন দুর্বৃত্ত দৌলতদিয়াড় গ্রামে অবস্থিত বিএডিসির অফিসে ঢুকে উপ-পরিচালক মোরশেদুল ইসলামের মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। হত্যা চেষ্টার এ দৃশ্যটি অফিসের সিসি ক্যামেরাতে রেকর্ড হয়।

ঘটনার দিনই বিএডিসির উপ-পরিচালক মোরশেদুল ইসলাম চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ দেন। সাথে জমা দেন সিসি ক্যামেরাতে ধারণ হওয়া ভিডিও ফুটেজ।

চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার কানাই লাল সরকার জানান, অভিযোগ পাওয়ার পরই পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযানে নামেন।

একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চঞ্চল বিএডিসির কর্মকর্তাকে হত্যার হুমকিতে প্রদর্শন করা অস্ত্রের সন্ধান দেয়।

পরে রাত সোয়া ২টার দিকে সদর উপজেলার হাতিকাটা গ্রামে তার নিজের একটি গোডাউন থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে সদর থানা পুলিশ।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সরকারি কর্মকর্তাকে হুমকি, অস্ত্র-গুলি ও ফেনসিডিল রাখার অভিযোগে জাহিদুল ইসলাম চঞ্চলের নামে মামলা দায়ের করা হয়।

এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।