দক্ষিণ চিলিতে প্রায় ১৫ হাজার ৬০০ বছর আগের একটি পায়ের ছাপ মানুষের বলে নিশ্চিত হয়েছেন গবেষকেরা।
রয়টার্স জানিয়েছে, চিলির এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ২০১০ সালে প্রথম ওই ছাপটি আবিষ্কার করেন। ৯ বছর ধরে ছাপটি নিয়ে গবেষণা চলেছে। দুই দিন আগে বোঝা গেছে, এটি মানুষেরই পায়ের ছাপ।
গবেষক ক্যারেন মোরেনো জানিয়েছেন, ওই জায়গার আশপাশের অঞ্চল থেকে পশুর হাড়ের জীবাশ্ম পাওয়া গেছে। সেই তালিকায় রয়েছে প্রাচীন হাতিও। তবে আলোচিত পায়ের ছাপটি যে মানুষেরই তাও নিশ্চিত হওয়া গেছে।
মোরেনো বলেন, এর আগে ১২ হাজার বছরের বেশি পুরোনো কোনো মানুষের পায়ের ছাপ পাওয়া যায়নি।
‘ধীরে ধীরে আমরা প্রাচীনতম মানুষের অস্তিত্ব আবিষ্কারের চেষ্টা করছি। ঠিক কত বছর আগে তাদের বসবাস ছিল সেটি জানার চেষ্টা চলছে। এতটুকু বলতে পারি এটাই সবচেয়ে পুরোনো ছাপ।’