বিসিবি প্রধানের কথা শুনলেন না সাকিব

আইপিএল খেলতে ভারতে ছিলেন সাকিব আল হাসান। ফিরেছেন রোববার রাতে। তবে সোমবার বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের আনুষ্ঠানিক ফটোসেশনে উপস্থিত ছিলেন না দলের সহ-অধিনায়ক। যা নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাব দিতে গিয়ে সাকিবের ওপর একরকম বিরক্তিই প্রকাশ করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ইংল্যান্ড ও ওয়েলসে ৩০ মে শুরু হবে বিশ্বকাপ। তার আগে আয়ারল্যান্ডে আছে ত্রিদেশীয় সিরিজ। যে সিরিজ খেলতে বুধবার দেশ ছাড়বে বাংলাদেশ। তার আগে সোমবার শেষ দিনের মতো অনুশীলন করে টাইগাররা।

দুপুরে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের পর ছিল বিশ্বকাপ দলের ফটোসেশন। পুরো টিম, ম্যানেজমেন্ট, বিসিবি সভাপতিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থাকলেও, ছিলেন না সাকিব। যদিও সকালে বিসিবি কার্যালয়েও এসেছিলেন বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

সাংবাদিকেরা তাই বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই বিসিবি সভাপতি বললেন, ‘‘দুঃখজনক। এ ছাড়া আর কি বলব। এটা দুঃখজনক যেহেতু টিম ফটোসেশন ছিল।’’

সাকিবকে মিরপুরে আসতে ফোনও করেন বিসিবি সভাপতি। কিন্তু তার ফোন কলের পরও আসননি সাকিব, ‘‘আমি এসে জিজ্ঞেস করেছি, এখানে পৌঁছে তখন আমি ফোন করেছিলাম সাকিবকে। জিজ্ঞেস করেছিলাম, ‘কোথায় তুমি।’ ও যে এসেছে আমি জানিও না। পেপারে পড়ে দেখেছি। ও বলল, আপনার বাসায় আসব রাতে। বললাম এখনই ব্যাক কর। ও বলল, আমি তো বের হয়ে গিয়েছি।’’

আনুষ্ঠানিক ফটোসেশনের কথা সাকিবকে বলা হয়েছিল আগেই। নাজমুল হাসান পাপন নিজেই বললেন, ‘‘আমি এসে জিজ্ঞেস করলাম ফটোসেশনের কথা সাকিব জানে কিনা। ওরা বলল, ওকে আগেই বলা হয়েছে যে আজ ফটোসেশন আছে দলের। জাতীয় দল যাচ্ছে বিশ্বকাপে, ফটোসেশন আছে দলের। যেহেতু টিমের প্র্যাকটিসে ছিল না। আমরা আশা করেছিলাম, কিন্তু সে নেই।’’

সাকিবের এমন আচরণে বারবার তাই বিরক্তিটাই বেরিয়ে এল বিসিবি প্রধানের কণ্ঠে, ‘‘আমার মনে হয় টিমের অন্যান্যরা এত দিনে অভ্যস্ত হয়ে গেছে। যাই হোক। এ ছাড়া আর কি বলব। আমি মনে করি এটা ওর (সাকিবের) জন্যই দুর্ভাগ্য। ও যে আমাদের এই টিমের সাথে… বিশ্বকাপ দল যাচ্ছে এটার সাথে ও থাকতে পারল না। সেটা আমি মনে করি ওরই কপাল খারাপ। আর কি বলব।’’

ফটোসেশনে না থেকে সাকিব যে মোটেও ছাড় পাচ্ছেন না এর ইঙ্গিত থাকল নাজমুল হাসানের এই কথায়, “যেহেতু পরশুদিনই দল চলে যাচ্ছে। এটা নিয়ে বেশি কথা আমরা বলছি না। তবে এটা অবশ্যই দুঃখজনক।’’