বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিতে সরকার চাপ প্রয়োগ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তার অভিযোগ, শনিবার সরকারের একটি সংস্থার সদস্যরা ব্রাহ্মণবাড়ীয়া-২ থেকে নির্বাচিত সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তারকে তুলে নিয়ে যাওয়া চেষ্টা করেছে।
শপথ গ্রহণ নিয়ে সোমবার সকাল থেকে গণমাধ্যমে নানা গুঞ্জনের মধ্যে বিকেল ৪টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরী সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
একাদশ সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ী আরো চার প্রার্থী সোমবার সংসদ সদস্য হিসেবে শপথ নেন সোমবার বিকেলে।
তারা হলেন, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের মির্জা ফখরুল, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার।
এরপর সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করে বলেন, আবদুস সাত্তার ভুঁইয়া শনিবার তার এলাকায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করছিলেন। তিনি যখন ঘোষণা দেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেবেন না, তখনই 'সরকারের একটি সংস্থার কয়েকজন ব্যক্তি' তাকে সভা থেকে নিরিবিলি কথা বলার জন্য নিয়ে যেতে চাইলে তিনি অপরাগতা প্রকাশ করেন।
সেখানে সভায় উপস্থিত নেতাকর্মীদের বরাত দিয়ে তিনি আরো বলেন, সেখান থেকে উকিল আবদুস সাত্তার ভুঁইয়াকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু বিএনপির নেতাকর্মীদের প্রতিরোধের মুখে তারা সফল হয়নি। কেবল আবদুস সাত্তার নন, অন্যান্যদেরও চাপ দেয়া হচ্ছে শপথ নিতে। এমপি ভাগিয়ে নিয়ে বৈধ্যতা নেয়া অপচেষ্টা করে বৈধ্যতা পাওয়া যাবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, অধ্যাপক সুকোমল বড়ুয়া, কেন্দ্রীয় নেতা বিলকিস জাহান শিরিন, হাবিবুল ইসলাম হাবিব, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।