সর্বোত্তম সেবা ও কার্যক্রমের ভিত্তিতে সেরা ওয়ার্ড নির্বাচিত করে প্রতি বছর মেয়র অ্যাওয়ার্ড প্রদানের ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এছাড়া সর্বোত্তম নাগরিক সেবা প্রদানকারী ওয়ার্ডের জন্য ২০২০ সালে মুজিববর্ষ অ্যাওয়ার্ড প্রদানেরও ঘোষণা দেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। গতকাল সোমবার গুলশানের ডিএনসিসি নগর ভবনে ‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় তিনি এ ঘোষণা দেন।
আতিকুল বলেন, ‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। জনগণকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে প্রচারাভিযান শুরু করা হবে।’ সভায় লেখক সৈয়দ আবুল মকসুদ, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, চিত্রশিল্পী মনিরুজ্জামান, সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজাসহ ডিএনসিসির কর্মকর্তা ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
শেরেবাংলা নগরে ১০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ : রাজধানীর শেরেবাংলা নগরে ফুটপাত দখল করে রাখা ১০০টির বেশি অস্থায়ী, সেমিপাকা, শেড, সিঁড়িসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করেছে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ১৫ হাজার বর্গফুট এলাকা উদ্ধার করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে গতকাল বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জনতা টাওয়ার সড়কে এ উচ্ছেদ অভিযান চলে।