প্রায় ৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি ওরফে বাবুল চিশতীসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক মো. সিরাজুল হক বাদী হয়ে গতকাল সোমবার রাজধানীর গুলশান থানায় মামলাটি করেন।
দেশ রূপান্তরকে তিনি জানান, আসামিরা হলেন- মেসার্স রোজবার্গ অটো রাইস মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হযরত আলী (৫০), পরিচালক দেলোয়ার হোসেন (৩৩), ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান বাবুল চিশতী (৫৯), শেরপুর শাখার সাবেক ম্যানেজার উত্তম বড়ুয়া (৩৫), সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম এম শামীম (৬৫) ও সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ফয়সাল আহসান চৌধুরী (৫৭) এবং সিটি সার্ভে লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর খায়রুল আলম। এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে ঋণের নামে ব্যাংকিং নিয়মনীতির তোয়াক্কা না করে, বন্ধকী সম্পত্তির অতি মূল্যায়ন দেখিয়ে ৫৮ কোটি টাকা আত্মসাৎ করেন, যা সুদ-আসলে প্রায় ৭০ কোটি টাকা হয়েছে।