চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

চকরিয়ায় মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার উত্তর হারবাং এলাকার আলী আহমদের ছেলে আবদুল মোনাফ (৩৬) ও একই এলাকার রকিম উল্লাহর ছেলে আজিজুর রহমান (৩০)।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারাধন চন্দ্র দাস বলেন, সোমবার সন্ধ্যায় চকরিয়া থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন দুই মোটরসাইকেল আরোহী আবদুল মোনাফ ও আজিজুর রহমান।

এ সময় তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং গয়ালমারা এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী মারসা পরিবহনকে ওভারটেক করতে গিয়ে ওই বাসের নিচে চাপা পড়ে। এসময় ঘটনাস্থলেই মারা যায় দুই মোটরসাইকেল আরোহী।

ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত দুই মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

এসআই হারাধন চন্দ্র দাস বলেন, “নিহত দুই মোটরসাইকেল আরোহীর পরিবারের আবেদনের প্রেক্ষিতে মানবিক দিক বিবেচনা করে বিনা ময়নাতদন্তে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”